ড্রেনে লুকিয়েও শেষরক্ষা হলো না আ.লীগ নেতার
রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। অভিযান চলাকালে এক অভিনব দৃশ্যের সৃষ্টি হয়। জানা গেছে, পুলিশের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টায় এক নেতা পাশের একটি ড্রেনে গিয়ে লুকিয়ে থাকেন। তবে শেষ রক্ষা হয়নি তার। পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে টেনে তুলে প্রিজন ভ্যানে করে নিয়ে যান।
ঘটনার বিবরণে জানা যায়, জাসদ কার্যালয়ে দলটির শতাধিক নেতাকর্মী সমবেত হয়েছিলেন।বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা এসে জাসদ কার্যালয়টি ঘিরে ফেলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।বিকাল ৫টার দিকে হাতকড়া পরিয়ে একে একে বেশ কয়েকজনকে ওই কার্যালয় থেকে বের করে আনতে দেখা যায়।
অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আক্তার হোসেন। পরবর্তীতে আটক ব্যক্তিদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

