নিখোঁজের পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের মরদেহ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে, এরপর আর বাসায় ফেরেনি। ছেলেকে না পেয়ে পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুনঃ জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান
ছেলেকে খুঁজে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তার মা ড. নাহিদা বেগম। সেখানে তিনি লিখেছিলেন, বিকেল ৩টা থেকে তার ১৩ বছর বয়সী ছেলেকে খুঁজে পাচ্ছেন না। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে সে আর ফিরে আসেনি উল্লেখ করে তিনি সবার কাছে হাত জোড় করে ছেলেকে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। কিন্তু অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ড. নাহিদা বেগম ও তার স্বজনরা।


Pingback: 'কোরআনকে সংবিধান মানা উচিত নয়'— আইনমন্ত্রীর এমন বক্তব্যে কুফরের অভিযোগ, ফেসবুকে ক্ষোভ - News Daily B