সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে বিএনপি এমপির সভা, সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদে চেয়ার-টেবিল ও সোফা বসিয়ে সভার আয়োজন করায় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. আয়নুল হককে ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে এমন আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিতর্কের ঝড় ওঠে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ ঘটনা ঘটে। জানা যায়, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মসজিদের মূল ইবাদতের জায়গায় সারি করে সোফা ও চেয়ার-টেবিল বসানো হয়েছে এবং সেখানে বসে নেতারা বক্তব্য দিচ্ছেন।

এ বিষয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।

তিনি দাবি করেন, “ভিপি আয়নুল হক এমপির নিজ ইউনিয়ন চান্দাইকোনার কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃপক্ষের বিপুল অর্থ বকেয়া রয়েছে। এটি পরিশোধ করতে এমপি সাহেবের সহযোগিতা নিতে তারা আমাদের আমন্ত্রণ জানান। আমরা সেখানে গিয়ে দেখি তারা মসজিদের ভেতরে সোফা ও চেয়ার সেট করে রেখেছেন।”

তিনি আরও বলেন, “যেহেতু এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় আলোচনা ছিল, তাই আমরা আপত্তি না করে তাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।”

এমপি আয়নুল হকের রাজনৈতিক পরিচয়

ভিপি আয়নুল হক বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ থেকে তিনি তিনবার ভিপি নির্বাচিত হয়েছিলেন।

তবে রাজনৈতিক বা উন্নয়নমূলক যে সভাই হোক না কেন, আল্লাহর ঘরে (মসজিদে) সোফা-চেয়ার বসিয়ে এমন রাজকীয় আয়োজনের যৌক্তিকতা নিয়ে সাধারণ মানুষ ও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *